Saturday, June 27, 2026

প্রান্তিক কৃষকদের মাঝে ব্রি ধান-১০৩, ব্রি ধান-৮৭ বীজ, সবজি বীজ ও জৈব সার বিতরণ



মোঃ আছাদুজ্জামান লিটন : উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল ব্রি ধান-১০৩ ও ব্রি ধান-৮৭-এর বীজ, বিভিন্ন ধরনের সবজি বীজ এবং জৈব সার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম শফিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিজুর রহমান, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বুলকালাম, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল কুমার, সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কমলা রানী, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদা খাতুন এবং লিডার্সের প্রকল্প কর্ম কর্মকর্তা মোছা. শামীম ও সি এম এম আব্দুর রহিমসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় ক্রমবর্ধমান লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে জলবায়ু সহনশীল ও লবণ সহিষ্ণু ধানের জাত সম্প্রসারণ সময়োপযোগী উদ্যোগ। ব্রি ধান-১০৩ ও ব্রি ধান-৮৭ কৃষকদের অধিক ফলন নিশ্চিত করতে এবং প্রতিকূল পরিবেশেও চাষাবাদ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সবজি বীজ ও জৈব সার ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব কৃষি চর্চা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাও সম্ভব হবে।

লিডার্সের কর্মকর্তারা জানান, কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে সংস্থাটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত বোরো মৌসুমেও লিডার্সের উদ্যোগে কৃষকদের মাঝে ব্রি ধান-৯৯ ও ব্রি ধান-৬৭-এর বীজ বিতরণ করা হয়েছিল। ওই মৌসুমে কৃষকরা সন্তোষজনক ফলন পাওয়ায় এবারও সাফল্যের ধারাবাহিকতায় জলবায়ু সহনশীল ও লবণ সহিষ্ণু ব্রি ধান-১০৩ ও ব্রি ধান-৮৭-এর বীজ, সবজি বীজ এবং জৈব সার বিতরণ করা হয়েছে। কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।


Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home