শিরোনাম :

সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিনিধি  :

পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং শৃঙ্খলা সুদৃঢ় করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ৮টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মাস্টার প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

প্যারেড পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা, শারীরিক ফিটনেস ও টার্নআউট মূল্যায়ন করেন। এ সময় চৌকস ও দক্ষ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পরে জেলা পুলিশের ব্যবহৃত বিভিন্ন যানবাহন পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “মাস্টার প্যারেড পুলিশের শৃঙ্খলার একটি গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন যেকোনো আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। স্মার্ট ও জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে শৃঙ্খলা বজায় রাখার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি সম্পদের সাশ্রয়ী ব্যবহার, সরকারি মালামালের যথাযথ হেফাজত এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি জনসাধারণের সঙ্গে মানবিক আচরণ ও উন্নত সেবার মান নিশ্চিত করারও নির্দেশনা দেন তিনি।

মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মো. আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. ইমরান খান, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

No comments