খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, October 16, 2025

খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান



খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

নিজস্ব প্রতিনিধি : সকল মানুষের জীবিকা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের চত্বরে আয়োজিত মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।


‘বিশ্ব খাদ্য দিবস-২০২৫’ উপলক্ষে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি বাংলাদেশ) এবং তাদের সদস্য সংগঠন অনন্যা, হাউশি, প্রাণ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়, খাদ্য মানুষের মৌলিক চাহিদা হলেও এখনো এটি মৌলিক অধিকারের মর্যাদা পায়নি। সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদে খাদ্যকে মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও তা বাস্তবায়নে কোনো আইনি কাঠামো নেই। ২০০৪ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রণীত ‘ভলেন্টারি গাইডলাইন অন দ্য রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন’ অনুসরণ করে ব্রাজিল, ভারত ও নেপালসহ বহু দেশ ইতোমধ্যে খাদ্য অধিকার আইন প্রণয়ন করেছে। বাংলাদেশেও ২০০৮ সাল থেকে নাগরিক সমাজ এ দাবিতে আন্দোলন করে আসছে।


স্মারকলিপিতে আরও বলা হয়, বিশ্ব ক্ষুধা সূচকে ১২৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। খাদ্যের মূল্যবৃদ্ধি, ফসলের ন্যায্যমূল্য না পাওয়া এবং অর্থনৈতিক সংকট জনগণের খাদ্য নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।


খানি বাংলাদেশ মনে করে, খাদ্য অধিকার মানুষের বেঁচে থাকার পূর্বশর্ত, এবং অন্যান্য মানবাধিকার রক্ষার সঙ্গে এটি নিবিড়ভাবে সম্পৃক্ত। আয় বৈষম্য, মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও জলবায়ু পরিবর্তন প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, বিশেষ করে উপকূল, চর, পাহাড় ও হাওর এলাকায়।


“উন্নত খাদ্য এবং উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত রেখে” — এই প্রতিপাদ্যে বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খানি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়, যেন অবিলম্বে খাদ্য অধিকার আইন প্রণয়ন করা হয়। তাদের মতে, এই আইন প্রণয়ন হলে খাদ্য উৎপাদন, বিতরণ ও প্রাপ্যতার ক্ষেত্রে রাষ্ট্রের দায়বদ্ধতা স্পষ্ট হবে এবং সকল নাগরিকের জন্য নিরাপদ, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।


এর আগে মানববন্ধনে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সেভগার্ডিং ও মিল অফিসার কানিজ শাইমা আঁখির সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজকর্মী শারমিন সুলতানা, তোহরা খাতুন, ইকরামুল ইসলাম, সংবাদকর্মী মোশাররফ হোসেন এবং আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ। মানববন্ধনে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages