সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে ১০ জুয়াড়ি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের এক অভিযানে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ । শনিবার (১৩ জুন) ভোর রাত সোয়া ১ টার দিকে শ্যামনগর উপজেলার খোসলাখালী গ্রামের জনৈক জাকিরের চায়েরদোকানের পাশে একটি ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় সেখান থেকে জুয়া খেলারসরঞ্জামসহ ৪ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা পুলিশের চলমান অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আমিনুর রহমান-এর সার্বিক সহযোগিতায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদুর রহমান-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সুদেব পাল ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, শ্যামনগর থানার মামলা নং-২৫, ধারা ৩/৪, জুয়া আইন-১৮৬৭ এর আওতায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন শ্যামনগর থানার খোসালখালী গ্রামের আহাদুর গাজীর ছেলে শাহিনুর রহমান (৩২), একই গ্রামের মৃত ইউসুফ গাজীর ছেলে জাহিদ হোসেন (৩৩), মৃত আশরাফ মোড়লের ছেলে ইয়াছিন মোড়ল (৪০), মৃত আব্দুর রউফ গাইনের ছেলে শফিকুল ইসলাম গাইন (৫৪), মৃত আবুল হোসেন গাজীর ছেলে আবু ইছা গাজী (২৬), শাব্দুল মাঝীর ছেলে শহিদুল্লাহ মাঝী (৩২), খেগড়াঘাট গ্রামের মাহমুদ সরদারের ছেলে আহম্মদ আলী (৩৮), কাদের সরদারের ছেলে আহসান আলী (৩৬), শ্রীফলকাটি গ্রামের মৃত আবু তালেব মোড়লের ছেলে এবাদত মোড়ল (৩২) এবং আবাদচন্ডীপুর গ্রামের মোকছেদ গাজীর ছেলে মোসলেম গাজী (৩৬)।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
শ্যামনগর থানার অফিসারইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান, বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয়দের মতে, অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।


No comments