সাতক্ষীরা প্রতিনিধি:
ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এবার সাতক্ষীরায় বাংলা কিউআর (Bangla QR) ব্যবহারে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
সম্প্রতি অনুষ্ঠিত এ ‘মার্চেন্ট এনগেজমেন্ট’ কর্মশালায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশে ডিজিটাল লেনদেনকে আরও সর্বজনগ্রাহ্য, সহজ ও নিরাপদ করতে বিকাশ ধারাবাহিকভাবে এ ধরনের উদ্যোগ নিয়ে আসছে।
কর্মশালায় বক্তারা জানান, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই দ্রুত ও নিরাপদে গ্রাহকদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারেন। এটি গ্রাহকদের যেমন লেনদেনের ইতিবাচক অভিজ্ঞতা দেয়, তেমনি ব্যবসায়ীদের দৈনন্দিন হিসাব-নিকাশ সহজ ও ব্যবসার কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বাংলা কিউআর ব্যবহারের নানা সুবিধা, কারিগরি দিক ও এর বাস্তব প্রয়োগ নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন এবং বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। আয়োজকরা বাস্তব উদাহরণের মাধ্যমে দেখান, কীভাবে ক্যাশ টাকা লেনদেনের ঝুঁকি এড়িয়ে ক্যাশলেস পদ্ধতি গ্রহণ ব্যবসা পরিচালনায় গতি এনে দিচ্ছে।
আয়োজক সূত্রে জানানো হয়, দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম শক্তিশালী করা এবং সরকারের 'ক্যাশলেস সোসাইটি' গড়ার লক্ষ্যকে এগিয়ে নিতে সারা দেশেই পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে।

No comments:
Post a Comment