রংপুর প্রতিনিধি: ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর আজীবন মুখপাত্র শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সংগঠনটির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধানিবেদন করেন তাঁরা।
কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা।
জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর সভাপতি আ ন ম আয়াস বলেন, “শহীদ আবু সাঈদের আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন প্রেরণার উৎস। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে SDF কাজ করে যাবে। আমাদের ফ্যাসিবাদবিরোধী লড়াই অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “প্রায় দুই হাজার শহীদ এবং ৩০ হাজারের বেশি আহতের ত্যাগের বিনিময়ে আজকের এই পরিবর্তন এসেছে। শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে SDF সর্বদা থাকবে। যদি নিষিদ্ধ লীগের পক্ষ থেকে তাঁদের ওপর কোনো হামলার চেষ্টা হয়, তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
সমাবেশ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সকল হত্যাকারীর দ্রুত বিচার নিশ্চিত করা এবং শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
কর্মসূচিতে শহীদ আবু সাঈদের বড় ভাই জনাব আবু হোসাইন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব প্রভাষক জাকারিয়া, অ্যাডভোকেট ছমির উদ্দিন সরকার ও মোঃ লুৎফর রহমান বকসি উপস্থিত ছিলেন।
এছাড়াও SDF-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজি, সহ-মুখপাত্র শারমিন আক্তার, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. বেল্লাল হোসেন, কেন্দ্রীয় সংগঠক মারিয়ম মোকাদ্দাস মিস্টি, আব্দুল আউয়াল রিদয়সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।




No comments:
Post a Comment