সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 13, 2026

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

 


সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা আদালতে বিচারক, জনবল এবং অবকাঠামগত সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রবিবার সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, "আমরা এখানকার বিচার বিভাগের স্থানীয় সমস্যাগুলো শুনেছি এবং তা সমাধানের সম্ভাব্য উপায় ও সুপারিশগুলো পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"

এর আগে সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী সীমান্ত জেলা সাতক্ষীরাকে মাদকমুক্ত করার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং এর জন্য প্রয়োজনে সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া পরিচালনা করতে হবে।

বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে মামলার নিষ্পত্তির হার বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বিচারকদের তাদের কর্মঘণ্টা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। এ সময় লিগ্যাল এইড কার্যক্রমকে আরও জনবান্ধব করার এবং মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে আদালতের মামলার জট কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয় বিচারকদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, "বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং এর জন্য প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। এছাড়া সাতক্ষীরায় সদ্য সৃজিত নতুন ২৩টি কোর্টে অতি দ্রুত বিচারক ও প্রয়োজনীয় স্টাফ নিয়োগ দেওয়া হবে।"

সকালবেলা বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর মন্ত্রী সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরও একটি মতবিনিময় সভায় যোগ দেন। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় সংসদ সদস্যগণ, জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর প্রতিনিধি এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে জেলার সার্বিক সমস্যা তুলে ধরেন। এছাড়া বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে একটি দলীয় সভায় মন্ত্রীর যোগদানের কথা রয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages