নিজস্ব প্রতিবেদক :
এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাইয়ে দেওয়ার নাম করে ছাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এবং এক ছাত্রীর মায়ের স্বর্ণের গহনা চুরির চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্ত শিক্ষক লাল্টু সরকার অন্তর। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের যুক্তিবিদ্যা বিভাগের এই প্রভাষক বর্তমানে খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজে কর্মরত থাকলেও সংবাদ প্রকাশের পর থেকেই তার মাঝে শুরু হয়েছে নানা ধরনের দৌড়ঝাপ ও তদবির।
স্থানীয় ও কলেজ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকেই বিড়ম্বনায় পড়েছেন ওই শিক্ষক। ঘটনার সত্যতা আড়াল করতে এবং সংবাদটি ধামাচাপা দিতে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ শুরু করেছেন। বিশেষ করে ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের পরিবারকে নানা ধরনের চাপ, শিক্ষা বোর্ডে গিয়ে পুনরায় এ প্লাস পাইয়ে দেওয়ার আশ্বাস কিংবা গোপনে টাকা ফেরত দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ-নগদ) লেনদেন এবং কল রেকর্ডের মতো অকাট্য প্রমাণ সামনে চলে আসায় প্রভাষক লাল্টু সরকার এখন নিজের দোষ ঢাকতে মরিয়া হয়ে উঠেছেন। শিক্ষকমণ্ডলীতে এমন নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির খবর ছড়িয়ে পড়ার পর তার কলেজ ক্যাম্পাসেও বিষয়টি নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী শারমিন জানান, সংবাদ প্রকাশের পর অভিযুক্ত শিক্ষকের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বিচার না পাওয়া পর্যন্ত আপস করবেন না বলে অনড় রয়েছেন। মায়ের চুরিকৃত স্বর্ণের গহনার দাম ও ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার সঠিক বিচার দাবি করেছেন তিনি।
শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, কেবল তদবির বা ব্যক্তিগত দেনদরবারের মাধ্যমে এই গুরুতর অপরাধ ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই। একজন সরকারি কলেজের শিক্ষকের এমন অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট বিভাগীয় তদন্ত করে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এ বিষয়ে শিক্ষা বিভাগের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত কমিটি গঠন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ ও অভিভাবকবৃন্দ।




No comments:
Post a Comment