জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি
রাকিবুল ইসলাম : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দক্ষিণ-পশ্চিম সীমান্ত এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় রেকর্ড সংখ্যক সদস্য মোতায়েনসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৯ জানুয়ারি সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান যে, আজ থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে যশোর রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন সম্পন্ন করা হবে। নির্বাচনী এলাকায় ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এবং এর মধ্যে সাতক্ষীরা ব্যাটালিয়নের আওতায় ৩টি জেলার ১২টি আসনে ৩৫ প্লাটুন সদস্য মোতায়েন থাকবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কাজ করবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF), র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ডমিনেশন পেট্রোলে ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। একইসাথে ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকা সুরক্ষিত রেখে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

No comments