ভারতীয় নাগরিক মাকসুদুর রশিদ গ্রেফতার জেলহাজতে প্রেরণ
শেখ রেজাউল ইসলাম বাবলু :জালিয়াতির মাধ্যমে পরিচয় গোপন করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (NID) ও পাসপোর্ট তৈরির অভিযোগে মাকসুদুর রশিদ (৫২) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) বিকেলে সাতক্ষীরা সদর থানাধীন কাটিয়া সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত মাকসুদুর রশিদ প্রকৃত ভারতের নাগরিক।
অবৈধভাবে জমি রেস্ট্রি করার জন্য খুলনা সদর থানার পশ্চিম বানিয়া খামার এলাকার ঘর ভাড়া করে বাসিন্দা হয়ে সাতক্ষীরার এক স্থানীয় সাংবাদিকের মাধ্যমে জালিয়াতি করে এন আইডি কার্ড ও পাসপোর্ট বানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাকসুদুর রশিদ নিজেকে বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে কাটিয়া সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার এসআই (নিঃ) মো. শাকিল জোয়ার্দারের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মাকসুদুর রশিদ মূলত ভারতের স্থায়ী বাসিন্দা হলেও তিনি অবৈধভাবে বাংলাদেশি এনআইডি কার্ড এবং পাসপোর্ট সংগ্রহ করেছেন। গত ২৩ মার্চ তিনি ভারতীয় পাসপোর্ট (নম্বর- S-7187144) ব্যবহার করে বেনাপোল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। অথচ তার কাছে একটি বাংলাদেশি পাসপোর্টও (নম্বর- A-09906563) পাওয়া গেছে।পুলিশি তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, অভিযুক্ত ব্যক্তি তার প্রকৃত নাগরিকত্ব গোপন করে জালিয়াতির আশ্রয় নিয়ে বাংলাদেশি সরকারি নথিপত্র তৈরি করেছেন, যা দেশের প্রচলিত আইনের গুরুতর লঙ্ঘন।
এই ঘটনায় সাতক্ষীরা সদর থানায় বাংলাদেশ পাসপোর্ট আইন-১৯৫২ এর ১১ (বি) এবং দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ৪৪)। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলাটির অধিকতর তদন্তভার অর্পণ করা হয়েছে সাব-ইন্সপেক্টর তুফান দুলাল মণ্ডলের ওপর। এই জালিয়াতি চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

No comments