দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে সাতক্ষীরা পাউবোতে বেড়িবাঁধ সুরক্ষা দলের স্মারকলিপি - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 8, 2026

দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে সাতক্ষীরা পাউবোতে বেড়িবাঁধ সুরক্ষা দলের স্মারকলিপি

 


নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা উপকূলের ঝুকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংষ্কারের দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়ার কাছে স্মারকলিপি পেশ করেছেন আশাশুনির নারী নেতৃত্বাধীন কাকবাসিয়া বেড়িবাঁধ সুরক্ষা দলের সদস্যরা। 

বুধবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের অফিসে গিয়ে দলটির সভানেত্রী আফরোজা খানমের নেতৃত্বে এই স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৫ই এপ্রিল-২০২৬, সকাল ৮টার দিকে, কাকবাসিয়া গ্রামের খেয়াঘাট মোড় সংলগ্ন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে হঠাৎ ভাঙন দেখা দেয়। বর্তমানে ভাঙনের ফলে আশেপাশে ফাটলের সৃষ্টি হচ্ছে। এ কারণে আমরা উদ্বিগ্ন, যদি অতি দ্রুত সময়ের মধ্যে এই বেড়িবাঁধ সংস্কার না করা হয়, তবে যেকোনো মুহূর্তে এটি সম্পূর্ণভাবে ভেঙে যেতে পারে, ফলে অত্র ইউনিয়নের অন্যান্য গ্রামগুলো প্লাবিত হতে পারে। প্লাবনের ফলে ঘরবাড়ি, গবাদিপশু, যোগাযোগ ব্যবস্থাসহ উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্মারকলিপি প্রদানকালে কাকবাসিয়া বেড়িবাঁধ সুরক্ষা দলের সভানেত্রী আফরোজা খানম জানান, ‘এমবাসি অব সুইডেন ঢাকা ও ইউএন উইমেন এর সহযোগিতায় এবং এএফএডি, এএসডিডিডব্লিউ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠন কর্তৃক বাস্তবায়িত ‘জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ (জিআরডিআরআরআইবি)’ প্রকল্পের অধীনে তাদের এই নারী নেতৃত্বাধীন বেড়িবাধ সুরক্ষা দল উপকূলের বেড়িবাঁধ রক্ষায় কাজ করে যাচ্ছে।’

তিনি আরো জানান, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে প্রতিবছর জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়ছে। এর ফলে জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে ফসলি জমি, ঘরবাড়ি ও মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতিসাধন করছে। বিশেষ করে নারীদের জীবনযাত্রা ও স্বাস্থ্য সুরক্ষায় এই দুর্যোগ ভয়াবহ প্রভাব ফেলছে। তাই উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা রক্ষায় আশাশুনির আনুলিয়া ইউনিয়ন ও প্রতাপনগর ইউনিয়নসহ সংলগ্ন এলাকার ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে দ্রুত শক্তিশালী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা।

স্মারকলিপি গ্রহণ শেষে পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া নারী নেতৃত্বাধীন বেড়িবাঁধ সুরক্ষা দলের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘ইতিমধ্যে ভাঙন কবলিত স্থানে সংস্কার কাজ শুরু হয়েছে। উপকূলের বেড়িবাধ সুরক্ষায় আমরা সর্বদা তৎপর আছি।’

স্মারকলিপি প্রদানকালে বেড়িবাঁধ সুরক্ষা দলের কোষাধ্যক্ষ সালমা খাতুন, সদস্য আনজুয়ারা খাতুন, ফতেমা খাতুন, রোজিনা খাতুন, আফসানা মিমিসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং বিন্দুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপকূলের মানুষের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা তাদের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages