সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আসন্ন পবিত্র ঈদুল আযহা–২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার গরীব, অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে ঈদ সহায়তা (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন, সাতক্ষীরা সদর-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এই ঈদ সহায়তা বিতরণের মাধ্যমে অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। সার্বিক সমন্বয় করেন উপজেলা কৃষি অফিসার মনির হোসেন।
বিশেষ অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দ হিসেবে আরও উপস্থিত ছিলেন— সাতক্ষীরা সদর উপজেলার আমীর মাওলানা মোশাররফ হোসেন,
শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান,শহর সেক্রেটারি খোরশেদ আলম এবং সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী সহিদ হাসান প্রমুখ।
এ সময় প্রতি উপকারভোগীকে ২,০০০ (দুই হাজার) টাকা করে ঈদ সম্মানী প্রদান করা হয়। স্বল্প সময়ের মধ্যে নির্বিঘ্নে ও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
এবিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা পৌরসভার মেয়রপ্রার্থী প্রভাষক ওমর ফারুক বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের মাধ্যমে সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা ও দেবহাটা উপজেলার মোট ৫০০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, মোট ১০ লক্ষ টাকা বরাদ্দের মাধ্যমে এই সহায়তা বিতরণ করা হয়, যাতে সুবিধাভোগীরা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন। তিনি এ উদ্যোগকে একটি মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


No comments