সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ২৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 3, 2026

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ২৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

 



নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা:

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৩১ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

বুধবার (৩ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, কুশখালি, কাকডাঙ্গা, চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহল ও বিশেষ আভিযানিক দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ ও চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে।

পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার-১ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জোড়াতাল গাছ এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে।

কুশখালি বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১০/৪ এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মক্তব মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

এদিকে কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৩ ও ৪ নম্বর আরবি এলাকা সংলগ্ন কেড়াগাছি গ্রামে অভিযান পরিচালনা করে ৯ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ঔষধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৪ নম্বর আরবি এলাকা সংলগ্ন কাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

অন্যদিকে, বাঁকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল পাঁচানী এলাকায় অভিযান পরিচালনা করে ৪ লাখ ৪৮ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মোট মূল্য ২৬ লাখ ৩১ হাজার ১০০ টাকা। চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে এসব ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভারতীয় পণ্যের অবৈধ চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages