নিজস্ব প্রতিনিধি : “পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই”— এই শ্লোগানকে সামনে রেখে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সাতক্ষীরার নগরঘাটায় ‘বিপ্লবী পাঠাগারে’র উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লবী পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর মো. এছাহক আলী। মো. রায়হান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. জাহিদ হাসান এবং শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন দীপ ব্যানার্জী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহব্বত আলী সরদার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “কেবল পাঠ্যবই নয়, বরং পাঠাগারে রক্ষিত জ্ঞানগর্ভ বইগুলো পড়ার অভ্যাস গড়তে হবে। সুশৃঙ্খল জীবনযাপন ও নৈতিক শিক্ষার মাধ্যমেই একজন শিক্ষার্থী ভবিষ্যতে দেশের সম্পদ হয়ে উঠতে পারে।”
সভাপতির বক্তব্যে মেজর মো. এছাহক আলী বলেন, “মেধা মননের বিকাশে বই পড়ার কোনো বিকল্প নেই। পাঠাগারে নিয়মিত জ্ঞানচর্চা এবং পাশাপাশি সৃজনশীল কাজে অংশগ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামী সংস্কৃতি থেকে দূরে রাখতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ডা. তরুণ কুমার বিশ্বাস, ডা. ফিরোজ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকরা।
পাঠ প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মো. আবু রায়হান, ইশরাত আরা মিম এবং ইফফাত আরা মমকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এলাকার তরুণ পাঠকদের বইপড়া ও জ্ঞানচর্চায় উৎসাহিত করতে এই পাঠাগার নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা।


No comments:
Post a Comment