শিরোনাম :

কালিগঞ্জে প্রাইমারি স্কুলে রাতের আঁধারে চোরের হরিলুট

 



মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ভাড়াশিমলা ইউনিয়নের ১২৭নং হিজলা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে চুরির ঘটনা ঘটেছে। 


রবিবার ৭ জুন আনুমানিক রাত ১২ ঘটিকা হতে ভোর ৪ ঘটিকার মধ্যে চুরির ঘটনাটি ঘটেছে। বিদ্যালয়ের ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর, ১টা প্রিন্টার ও ২টা এলইডি টিভি চোরে নিয়ে গেছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ।


বিদ্যালয়ের শিক্ষিকা মিতা মণ্ডল বলেন, আমরা সকালে বিদ্যালয়ে এসে দেখি প্রধান গেটের তালা ভাঙ্গা, সবকটা সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। এবং ক্লাস রুম, অফিস রুম থেকে ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার গুলো নিয়ে চলে গেছে চোরেরা।


 শিক্ষিকা তনুশ্রী ঘোষ সাংবাদিকদের জানান, চোরেরা প্রথমে বিদ্যালয়ের পিছনে বিদ্যুতের মিটার থেকে  বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে তালা ও সিসি ক্যামেরা গুলো ভেঙে চুরি সংগঠিত করেছে। বিগত সময়েও একই রকম চুরি হয়েছে বিদ্যালয়ে, তবে আমরা কোন সমাধান পাইনি। আমাদের প্রধান শিক্ষক ও সহকারীরা থানায় গিয়েছে। আশা করি চোর আটক হবে এবং এর সমাধান মিলবে।


স্থানীয়দের পক্ষে মোঃ সোহেল বলেন, বারবার আমাদের এই বিদ্যালয় থেকে চুরি হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপে এর একটা সমাধান দরকার। সরকারি সম্পদ ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে গেলে পাঠদানের ক্ষেত্রে বিভিন্ন বাধাগ্রস্থের সম্মুখীন হতে হবে। প্রয়োজনে এখানে নাইটগার্ডের ব্যবস্থা করাও জরুরী হয়ে পড়েছে।

No comments