সাতক্ষীরায় মাদকবিরোধী সমাবেশ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, July 3, 2026

সাতক্ষীরায় মাদকবিরোধী সমাবেশ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি

 


সাতক্ষীরা প্রতিনিধিঃ “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকায় মাদক বিক্রেতা ও মাদকসেবীর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এবং অল্পবয়সী কিশোর-তরুণদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার দাবিতে শুক্রবার সন্ধ্যা ৭টায় কুখরালী এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।


দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এলাকায় মাইকিং, সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয়দের অংশগ্রহণে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে কয়েকটি সন্দেহভাজন মাদকসেবনের আস্তানা ও অভিযুক্ত মাদক কারবারিদের বাড়ির আশপাশে প্রতীকী গণসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।


বক্তব্য রাখেন, ৬নং ওর্য়াড বিএনপির সাবেক আহবায়ক শেখ আশরাফ হোসেন,৬নং ওর্য়াড যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন,যুবদলের নেতা সাইফুল ইসলাম, ৬নং ওর্য়াডের ওলামা বিভাগের সভাপতি রুস্তম আলী সহ আরো অনেকে।


সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।


বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের কোনো বিকল্প নেই। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


আলোচনা সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সীমান্তবর্তী জেলায় মাদক পাচারের ঝুঁকি দীর্ঘদিনের একটি চ্যালেঞ্জ। তারা সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।


সমাবেশে উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, জনসচেতনতা কার্যক্রম ও সম্মিলিত প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages