আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 13, 2026

আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন


নিজস্ব প্রতিবেদক :

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঝ আসাদুজ্জামান দু’দিনের সরকারি সফরে সাতক্ষীরায় পৌঁছেছেন। শনিবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক কাউসার আজিজ, পুলিশ সুপার আশরাফুল আলম, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান। সফরকালে জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। সাক্ষাৎকালে সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। পরবর্তীতে স্থানীয় সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, নেতৃত্ব এবং আগামী দিনের রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতেই সাতক্ষীরায় জাতীয়তাবাদের দীর্ঘ আন্দোলনের ইতিহাস স্মরণ করে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর চরম প্রতিকূলতার মধ্যেও স্থানীয় নেতৃবৃন্দ আন্দোলন-সংগ্রাম চালিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন। তিনি জানান, দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক, কারণ প্রতিযোগিতা না থাকলে নতুন কর্মী তৈরি হয় না। তবে সেই প্রতিযোগিতা যেন কোনোভাবেই পারস্পরিক শত্রুতা বা বিভেদে রূপ না নেয়। সাতক্ষীরায় দলের সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করাই তাঁর এই সফরের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। দলের সিদ্ধান্ত অমান্যকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী বলেন, প্রিয় নেতার দোহাই দিয়ে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দেওয়া বা তাঁকে হারানোর অপচেষ্টা দল কখনোই বরদাশত করবে না। একই সাথে তিনি বিজয়ী ও মনোনীত প্রার্থীদের সতর্ক করে দিয়ে বলেন, মনোনয়ন পেয়েই কেউ যদি মনে করেন তিনিই সব, বাকিদের গুরুত্ব নেই-সেই অহংকারী আচরণও দল মেনে নেবে না। সকলকে এক টেবিলে বসিয়ে একসাথে কাজ করতে হবে। দলের অভ্যন্তরীণ আলোচনা ও আজ রবিবারের বর্ধিত সভা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাক- স্বাধীনতার চর্চা হবে, তবে তার অর্থ এই নয় যে কেউ কাউকে গালিগালাজ বা ট্রল করার সুযোগ পাবেন। বাক- স্বাধীনতা রক্ষার প্রধান শর্তই হলো বাক-শালীনতা বজায় রাখা। তিনি স্পষ্ট করে জানান, সফর শেষে তিনি প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিবেদন সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জমা দেবেন। তাই কালকের মতবিনিময় সভায় সকলকে শালীনতা বজায় রেখে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার বাস্তবসম্মত প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানান। আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, জাতীয়তাবাদের ঐতিহ্যবাহী ঘাটি হিসেবে পরিচিত সাতক্ষীরাকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংক্ষিপ্ত এ মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্ল্যাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব আব্দুল আলিম, তারিকুল হাসানসহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আইনমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, আজ ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। সকাল ১০টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সংসদ সদস্য, জেলা প্রশাসক, বিজিবি ও র‌্যাবের সিও, পুলিশ সুপার, জেলা দপ্তরের প্রধানগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় স্থানীয় রাজনৈতিক কার্যালয়ে জেলা ও উপজেলা বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে এক মহাসমাবেশ ও বর্ধিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার বিকালে যশোর পিটিআই হলরুমে আয়োজিত চাকরি মেলা ও সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages