মোমিনুর রহমান :
সাতক্ষীরা সুন্দরবন মহাসড়ক উন্নয়ন প্রকল্পের চলমান কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৬ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদাররা আরও এক বছর সময় বাড়িয়ে মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত উন্নীত করেছেন। ফলে এই জনপদের মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হলো।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৮২২ কোটি টাকা। এত বড় বাজেটের প্রকল্প হওয়া সত্ত্বেও সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের বিভিন্ন অংশ এখন কাদা। পানিতে একাকার হয়ে আছে। সাতক্ষীরা থেকে ভেটখালী পর্যন্ত মোট ৬২ কিলোমিটার দীর্ঘ এই সড়কের উন্নয়ন কাজ চলছে। কিন্তু কাজের ধীরগতির কারণে দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সামান্য বৃষ্টিতেই তা কাদা-পানিতে ভরে যাচ্ছে।
মোট ছয়টি প্যাকেজের মধ্যে সবচেয়ে বেশি ধীরগতি লক্ষ্য করা গেছে দুই ও তিন নম্বর প্যাকেজে। এই দুটি প্যাকেজে নিয়োজিত লোকবল অত্যন্ত কম। ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ বিষয়ে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও জনবল বাড়ানোর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
সড়কের এই বেহাল দশার কারণে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ যাত্রী ও যানবাহন চালকেরা। প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। অবিলম্বে কাজের গতি বাড়িয়ে সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।




No comments:
Post a Comment